নড়াইলে করোনা আক্রান্ত চিকিত্সকসহ ১০ জন সুস্থ

আপডেট : ১০ মে ২০২০, ২১:০২

নড়াইল প্রতিনিধি

করোনা আক্রান্ত ১৩ জনের মধ্যে আক্রান্ত সকল চিকিত্সকসহ নড়াইলের ১০ জনের দ্বিতীয়বার করোনার রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেন।

তিনি বলেন, রবিবার সকাল পর্যন্ত পেন্ডিং থাকা ৭০টি নমুনার মধ্যে ৪৯টির রিপোর্ট নেগেটিভ এসেছে। এর মধ্যে করোনায় আক্রান্ত নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ তিন জন চিকিত্সক, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন জন চিকিত্সক, এক জন প্যারামেডিক্যাল চিকিত্সক ও এক জন ডেন্টাল টেকনোলজিস্ট এবং নড়াইলের জেলা প্রশাসকের গোপনীয় সহকারীসহ ১০ জনের করোনার রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। বাকি তিন জনের করোনা রিপোর্ট নেগেটিভ আসলে আপাতত নড়াইল জেলা করোনা মুক্ত হবে বলে তিনি জানান।

জয়পুরহাটে করোনা মুক্ত হয়ে

বাড়ি ফিরল চার জন

জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটের গোপীনাথপুর হেলথ অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে স্থাপিত আইসোলেশন ওয়ার্ড থেকে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছে চার জন। রবিবার সকালে সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য জানান। বর্তমানে করোনা শনাক্ত চিকিত্সাধীন থাকল আরো ৩৯ জন।