ম্যারাডোনার জার্সি দান

আপডেট : ১০ মে ২০২০, ২১:১১

স্পোর্টস ডেস্ক

বৈশ্বিক মহামারি কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখছেন ক্রীড়া বিশ্বের তারকারা। এবার সে তালিকায় নাম লেখালেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনাকে জেতানো বিশ্বকাপের একটি ম্যাচের জার্সি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দান করেছেন তিনি।

রাজধানী বুয়েন্স আয়ারসের সীমানায় লাগোয়া একটি জায়গা করোনার কারণে নাজুক হয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ এবং রোগীর সংস্পর্শে আসা অনেক সাধারণ মানুষও সেখানে লকডাউনে পড়েছে। সীমান্তবর্তী এই অঞ্চলটির এই দুর্দশায় কিছু বিত্তশালী মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিনা মূল্যে সরবরাহ করে সাধারণ জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন।

ম্যারাডোনার জার্সিটি প্রথমে নিলামে তোলার কথা থাকলেও পরবর্তীতে আক্রান্তদের পাশে থাকা মানুষদের ভেতর এক জনকে লটারির মাধ্যমে উপহার দেওয়া হয়। লটারি আয়োজকদের ভাবনা, এতে করে দানবীররা আরো দানে উদ্বুদ্ধ হবেন।

এ দানের পর ম্যারাডোনা কোনো প্রতিক্রিয়া না জানালেও শীঘ্রই করোনা পরিস্থিতি সামলে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা অতি শিগিগরই করোনা পরিস্থিতি সামলে সামনে এগিয়ে যাব।’

স্থানীয় বাসিন্দারা ম্যারাডোনার এমন দানে অভিভূত। স্থানীয় এক বাসিন্দা মার্তা গুতিরেজ বলেন, ‘ডিয়েগো আমাদের কত বড়ো উপকার করলেন, তা হয়তো নিজেও ভাবতে পারবেন না। এটা অমূল্য। যতদিন জীবিত আছি ততদিন এই দান মনে রাখব। কারণ ম্যারাডোনা আমাদের কাছে নিছকই এক জন ফুটবলার নন। দেবতার মতো।’