পরিস্থিতি দেখে বিবেচনা করবে সিসিডিএম

আপডেট : ১০ মে ২০২০, ২১:১২

প্রিমিয়ার ক্রিকেট নিয়ে কোয়াবের চিঠি

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের থাবায় এলোমেলো গোটা বিশ্ব। বাংলাদেশের ক্রিকেটাঙ্গনও স্থবির হয়ে আছে। করোনার প্রাদুর্ভাবের কারণে স্থগিত রয়েছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। যা দেশের সিংহভাগ ক্রিকেটারের উপার্জনের মূল অবলম্বন। সম্প্রতি সরকার গার্মেন্টস, মার্কেট, হোটেল-দোকান খোলার অনুমতি দিয়েছে। তাতেই ক্রিকেটাররা কিছুটা আশার আলো দেখছিলেন।

গত শনিবার মিটিং শেষে ঈদুল ফিতরের পর স্বাস্থ্যবিধি মেনে, সর্বোচ্চ সতর্কতাসহ প্রিমিয়ার লিগ শুরুর আবেদন জানিয়ে সিসিডিএমকে (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) চিঠিও দিয়েছে কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। কোয়াবের চিঠিকে গুরুত্ব দিচ্ছে সিসিডিএম। তবে দেশের সার্বিক করোনা পরিস্থিতির উন্নতি না হলে লিগ শুরুর চিন্তা নেই সিসিডিএমের।

ঈদের পর লিগ শুরুর বিষয়ে কোয়াবের চিঠি সম্পর্কে জানতে চাইলে গতকাল সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘যে কেউ যে কোনো কথা বলতে পারে। আমাদের ক্ষেত্রে হচ্ছে, পরিস্থিতির উন্নতি হলে তখনই শুধু আমরা বিবেচনা করতে পারব।’

ক্রিকেটারদের আবেদনকে গুরুত্ব দিলেও পরিস্থিতি স্বাভাবিক না হলে কোনো পদক্ষেপ নিবে না সিসিডিএম। কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আমরা তাদের চিঠিকে সর্বোচ্চ গুরুত্ব দিব। কিন্তু দেশের করোনা পরিস্থিতিকে সবার আগে গুরুত্ব দিতে হবে। সার্বিক দিক বিবেচনা করে আমরা যত দ্রুত সম্ভব চালু করার চেষ্টা করব।’

করোনা পরবর্তী ক্রিকেট কীভাবে পরিচালিত হবে তা নিয়ে ভাবনার বিষয় রয়েছে। শুধু স্বাস্থ্যবিধি পালন, সতর্কতা যথেষ্ট নয়। বিসিবির এই পরিচালকের ধারণা, এখানে আইসিসিরও কিছু নির্দেশনা থাকতে পারে। ক্রিকেট খেলুড়ে অন্য দেশগুলো কীভাবে ঘরোয়া ক্রিকেট শুরু করে তাও বিবেচনা রাখবে বিসিবি।

প্রিমিয়ার লিগের নিয়ন্ত্রক সিসিডিএম চেয়ারম্যান বলেন, ‘আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে, আইসিসিও কিন্তু কিছু নির্দেশনা দিবে, কীভাবে জিনিসগুলো হবে। অন্যান্য ক্রিকেট বোর্ড কীভাবে ক্রিকেট চালু করে সেটা দেখতে হবে। আমাদের এখানকার পরিস্থিতি কি, সেটা দেখে কিন্তু আমরা তারপর বুঝতে পারব।’

নিউজিল্যান্ডে করোনা ভাইরাস এখন নেই। দেশটি করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে। তারপরও নিউজিল্যান্ডে ক্রিকেট চালু হয়নি। এমনকি ঘরোয়া ক্রিকেটও মাঠে গড়ায়নি। তাই সিসিডিএম পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় থাকতে চায়।

এছাড়া সরকারের নির্দেশনাও মানবে সিসিডিএম। কাজী ইনাম বলেন, ‘আমাদের দেখতে হবে, আমাদের এখানে পরিস্থিতিটা কি? আমাদেরও তো এখানে সরকারের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে, তারপর পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসলে তখন ক্রিকেটের বিষয়গুলো দেখতে হবে।’

গত ১৫ মার্চ শুরু হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগ। করোনার থাবায় এক রাউন্ড পরই স্থগিত হয়ে যায় লিগ। ১৯ মার্চ অনির্দিষ্টকালের জন্য দেশে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রমই স্থগিত করে দেয় বিসিবি।