বিএসটিআইয়ের অভিযান
ইত্তেফাক রিপোর্ট
প্যারাসুট নারিকেল তেল, প্যারাসুট বেলীফুল, কুমারিকা, ডাবর ভাটিকা আমলাসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের প্রায় ২ কোটি টাকা মূল্যের হেয়ার অয়েল ও কসমেটিকস জব্দ করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর চকবাজার এবং বেগমবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এসব নকল কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। করোনা মহামারিতে যখন সারাদেশ থমকে আছে তখনও থেমে নেই ভেজালকারীদের দৌরাত্ম্য। এই সময়েও বিএসটিআই নিয়মিতভাবে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করছে। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে রবিবার ঢাকা মহানগরীর চকবাজার এলাকায় সকাল ১১টা হতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআইর অনুমোদন ব্যতিরেকে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে নামিদামি প্রতিষ্ঠানের কসমেটিকস পণ্য নকল করে বিক্রি বিতরণ করায় ৫ নম্বর, কে এম আজম লেন, বেগমবাজার, বংশাল, ঢাকার কারখানার দায়িত্বপ্রাপ্ত ও পরিচালনাকারী মো. আনোয়ার হোসেন (৩৫) ও মো. নয়নকে (১৯) এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে দুই ট্রাক নকল কসমেটিকস জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।
