আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সারাদেশের মধ্যে বিপুল ভোটে এবার বিজয়ী হয়েছেন। গতকাল রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে মোহাম্মদ নাসিম পেয়েছেন ৩ লাখ ২৪ হাজার ৪৩৬ ভোট। এ আসনে ধানের শীষের প্রার্থী সংগীত শিল্পী রুমানা মোর্শেদ কনক চাঁপা পেয়েছেন ১ হাজার ৭২ ভোট। এত ভোটের ব্যবধানে কেউ বিজয়ী হয়নি বলে জানা গেছে। প্রসঙ্গত, সিরাজগঞ্জের কাজীপুরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি। এই কাজীপুরে নৌকা কোনোদিনও পরাজিত হয়নি। বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার পরেই জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর কাজীপুরে যুগ যুগ ধরে নৌকার বিজয় হয়েছে। কাজীপুর ও সিরাজগঞ্জ সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ-১ আসন।
এ দিকে গতকাল দুপুরে স্বাস্থ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকা কাজিপুরের আলমপুর এমএম হাই স্কুলে তার নিজের ভোট প্রদান করে সাংবাদিকদের বলেন, ‘অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এবার নৌকার বিপুল বিজয় হবে। মোহাম্মদ নাসিম বলেন, কাজীপুর, সিরাজগঞ্জসহ সারা দেশের মানুষ বিপুল উত্সাহ উদ্দীপনা নিয়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। কৃতজ্ঞ বাঙালি জাতি সত্তর সালের মতোই আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিজয়ী করবে। শেখ হাসিনাই হবেন বাংলাদেশের হ্যাটট্রিক প্রধানমন্ত্রী ইনশাল্লাহ।’
ভোটকেন্দ্রে নারী-পুরুষ ভোটারের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সরকার চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিল। এ দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করে সরকারের সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন করেছে। কোনো প্রকার চক্রান্ত ষড়যন্ত্র করে জনগণকে দমিয়ে রাখা যায়নি।
