ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির মোবাইল কোর্টের অভিযান

আপডেট : ১০ মে ২০২০, ২২:০৬

এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা

ইত্তেফাক রিপোর্ট

ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আটটি মোবাইল কোর্টের টিম অভিযান শুরু করেছে। গতকাল রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় প্রায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডিএনসিসি  অঞ্চল-১ (উত্তরা) এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন উত্তরা ৬ ও ৮ নম্বর সেক্টরে মোট ১২টি নির্মাণাধীন ভবন, প্রতিষ্ঠান ও বাড়িতে  অভিযান পরিচালনা করেন। এ সময় দু’টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে কীটনাশক দিয়ে তা ধ্বংস করা হয়। তবে মালিকরা ভবিষ্যতে এ বিষয়ে আরো সচেতন থাকবেন মর্মে অঙ্গীকার করায় জরিমানা করা হয়নি। এছাড়া একটি বাড়িতে লার্ভা পাওয়া গেলে নোটিশ প্রদান করা হয়। অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শফিউল আজম মিরপুরে ১৯টি ভবন ও স্থাপনা পরিদর্শন করে দু’টিকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

অঞ্চল-৩ (মহাখালী) এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান তেজগাঁও শিল্প এলাকায় মোট ১৫টি ভবনে অভিযান চালান। এসময়ে দু’টি প্রতিষ্ঠান থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ থাকায় সেগুলো পরিষ্কারের জন্য তিনটি প্রতিষ্ঠানকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। অঞ্চল-৪ মিরপুরের বড়বাগ, মনিপুর, পীরেরবাগ, সেনপাড়া পর্বতা, কাফরুল, ইব্রাহিমপুর, কচুক্ষেত এলাকায় ১০০ বাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মুর্শিদুল ইসলাম।

অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন পূর্ব রাজাবাজার এলাকায় পাঁচটি নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এসময় ‘ডম ইন’ এর নির্মাণাধীন একটি ভবনে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় মামলার কার্যক্রম গ্রহণ করা হয়। গত বছর একই প্রতিষ্ঠানকে তিন বার জরিমানা করা হয়েছিল।

অঞ্চল-৬ (হরিরামপুর) এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন উত্তরা ১২ নম্বর সেক্টরে সাতটি ভবন ও স্থাপনা পরিদর্শন করেন। অঞ্চল-৭ ও ৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী উত্তরখানের মাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন মিরপুরের পল্লবী এলাকায় নির্মাণাধীন তিনটি ভবন পরিদর্শন করে দুইটিকে পাঁচ হাজার ৩০০ টাকা জরিমানা করেন।