ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাস মোকাবিলায় শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাক শ্রমিকদের বাড়িভাড়া কমানোর জন্য এলাকার সকল জনপ্রতিনিধিকে নির্দেশনা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। গতকাল রবিবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুরে আলহাজ তৈয়ব আলী মডেল স্কুল মাঠ ও আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া বস্তিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ১ হাজার ৫০০ অসহায় দুস্থ ও প্রতিবন্ধী পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ আহ্বান জানান। এসময় তিনি নিজের নির্বাচনী এলাকার সকল বাড়িওয়ালাকে ৪০ শতাংশ ভাড়া মওকুফের অনুরোধ জানিয়ে তা বাস্তবায়নে জনপ্রতিনিধিদের নির্দেশনা দেন। এরপর প্রতিমন্ত্রী প্রতিবন্ধী ও দুস্থদের বাড়ি বাড়ি ঘুরে ত্রাণ বিতরণ করেন।
