সীমিত পরিসরে খুলেছে মার্কেট-বিপণিবিতান

আপডেট : ১০ মে ২০২০, ২২:৪১

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীতে সীমিত পরিসরে খুলেছে শপিং মার্কেট, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠান। তবে বন্ধ রয়েছে নামিদামি শপিংমল-সুপারমার্কেটগুলো। করোনা ভাইরাস সৃষ্ট লকডাউন পরিস্থিতিতে দেড় মাস বন্ধ থাকার পর ঝুঁকির মধ্যে মার্কেট-দোকানপাটের দরজা উন্মুক্ত হলেও প্রথম দিন ক্রেতার সংখ্যা ছিল নগণ্য। বেচাকেনা ছিল মন্দা। করোনার সংক্রমণ প্রতিরোধে কড়া স্বাস্থ্যবিধি মেনেই মার্কেট ও দোকানপাটে প্রবেশ করতে হয়েছে ক্রেতাদের। বিক্রেতারাও ছিলেন বেশ সতর্ক। মার্কেট বা  দোকানপাটে প্রবেশপথে কর্তৃপক্ষ বসিয়েছেন জীবাণুনাশক স্প্রে মেশিন, হ্যান্ড স্যানিটাইজার ও জুতা জীবাণুমুক্ত করার ব্যবস্থা। কোনো কোনো মার্কেটের সামনে জীবাণুনাশক কক্ষ ছাড়াও ভেতরে বসানো হয়েছে থার্মাল হিউম্যান বডি ট্যাম্পারেচার মেজারমেন্ট সিস্টেম। অনেক দোকানের ভেতরে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে বৃত্ত এঁকে দেওয়া হয়েছে।

আবার কোনো কোনো মার্কেটে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ছিল ঢিলেঢালা ভাব। স্বাস্থ্যবিধি না মানায় বেশ কিছু  দোকানপাট বন্ধ করে দিয়েছে পুলিশ। দীর্ঘদিন পর সকাল ১০টায় দোকান খোলার পর গোছগাছ করতেই দুপুর পেরিয়েছে। এরপর সরকার নির্ধারিত সময় বিকাল ৪টা পর্যন্ত চলে ক্রেতার জন্য অপেক্ষা। মার্কেট এলাকা বলে পরিচিত এলিফেন্ট রোড, ধানমন্ডি, মিরপুরসহ কয়েকটি এলাকার বেশির ভাগ দোকান ছিল খোলা।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সূত্রে জানা গেছে, ব্যবসা, অর্থনীতি ও কর্মচারীদের জীবিকার বিষয়টিকে প্রাধান্য দিয়ে রাজধানীর ডিএনসিসি মার্কেট, ইস্টার্ন প্লাজা, গাজী শপিং কমপ্লেক্স এবং এলিফ্যান্ট রোডের প্রায় সব দোকান ও মার্কেট খোলা হয়েছে। দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং এবং বাংলাদেশের জুতা তৈরিকারক প্রতিষ্ঠান এপেক্স ও বাটার দোকানগুলো খুলেছে। নিউমার্কেট বন্ধ থাকলেও খুলেছে এর পাশের নিউ সুপারমার্কেট, ইস্টার্ন মল্লিকা, যাত্রাবাড়ী আয়েশা মোশারফ শপিং সেন্টার, বুড়িগঙ্গা সেতু মার্কেট, রহমান প্লাজা, হাবিবুল্লাহ সুপার মার্কেট, ফার্নিচার মার্কেট ও টাইলস মার্কেটের বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান, স্টিল ফার্নিচার মার্কেট, উত্তরা কাজী ভবন, ডিআইটি ফকিরাপুল মার্কেট, মিরপুর রোডে লাটিমী শপিংমল, জাহান ম্যানশন, গোল্ডেন মার্ক, মিরপুর রোডের কাপড়ের দোকান, পাঞ্জাবির দোকান, জুতার দোকান, আল্পনা প্লাজা, মোহাম্মদপুর ও মিরপুর রোডের রাস্তার পাশের দোকানগুলো, গাউছিয়া সংলগ্ন গোল্ডেন প্লাজা, আইটি মার্কেট মাল্টিপ্ল্যান সেন্টার, উত্তরা আলাউদ্দিন টাওয়ার, এলিফ্যান্ট রোডের ট্রপিক্যাল সেন্টার, সুবাস্তু আর্কেডসহ                রাজধানীর বিভিন্ন এলাকার বিপণিবিতান ও মার্কেট।

এ বিষেয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, গতকাল ক্রেতা আগমন কম ছিল, তাই বেচাকেনাও কম হয়েছে। বন্ধ থাকা দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মীদের বেতন দেওয়ার কথা বলেছি। এই মুহূর্তে আমদের আর্থিক সংকট রয়েছে। তার পরও মালিকেরা যতটুকু পারেন কর্মীদের সঙ্গে পারস্পরিক সমঝোতা করে বেতন-ভাতা পরিশোধ করবেন।

খুলেছে আড়ং, বাটা ও এপেক্স :স্বাস্থ্যবিধি পালনে কঠোর নজরদারির মধ্য দিয়ে রাজধানীতে খুলেছে লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং, বাটা ও এপেক্স। গতকাল রবিবার সকাল ১০টা থেকে প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ শাখা খুলে দেওয়া হয়। প্রতিটি শাখায় স্বাস্থ্যবিধি পালনের ব্যবস্থা দেখা গেছে। ক্রেতাদের মধ্যেও যথেষ্ট সচেতনতা দেখা গেছে। সরেজমিন কয়েকটি আউটলেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আড়ংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশরাফুল আলম বলেন, ‘আড়ংয়ের সঙ্গে প্রায় ৬৫ হাজারের বেশি হস্তচালিত কারুশিল্পী ও নারী উদ্যোক্তাদের জীবিকা জড়িত। তাদের কথা মাথায় রেখেই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমরা আড়ংয়ের কিছু নির্দিষ্ট আউটলেট খোলার সিদ্ধান্ত নিয়েছি। বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে আমাদের প্রতিটি আউটলেটের আয়তন ও কর্মীর সংখ্যা বিবেচনা করে আমরা একসঙ্গে কতজন গ্রাহককে সার্ভিস দিতে পারব তা নির্ধারণ করেছি। প্রি-বুকিংয়ের জন্য কয়েকটি পোর্টাল চালু করা হয়েছে, যার মাধ্যমে ক্রেতাদের জন্য আউটলেট ও সময় নির্ধারণ করে দিয়ে একটি এসএমএস দেওয়া হবে। সেই এসএমএস দেখানোর পরই কেবল ক্রেতারা ভেতরে প্রবেশ করতে পারবেন।

অনলাইনে বাড়ছে কেনাকাটা :করোনা পরিস্থিতিতে বেশির ভাগ শপিংমল বন্ধ। তাই ঈদের কেনাকাটায় অনলাইন অনেকের বড়ো ভরসার জায়গা। সংক্রমণের ঝুঁকি ছাড়াই পছন্দের পণ্য পাচ্ছেন ক্রেতারা। ফ্যাশন হাউজগুলো বলছে, অনলাইন কেনাকাটায় ক্রেতা-বিক্রেতা দুই পক্ষই উপকৃত হবেন। আর অর্থনীতিবিদেরা বলছেন, অনলাইন কেনাকাটায় সচল থাকবে অর্থনীতির চাকা, ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন ব্যবসায়ীরা। ক্রেতা-বিক্রেতা উভয়েরই সুরক্ষা নিশ্চিত হবে। কোনো কোনো ই-কমার্স প্রতিষ্ঠান ক্রেতাদের পণ্য ক্রয়ের বিপরীতে নগদ ছাড়, ক্যাশব্যাক ও উপহার দিচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান দিচ্ছে গিফট ভাউচার। কিছু কিছু ইকমার্স ও মার্কেটপ্লেস ক্রয় করা পণ্য বিনা মূল্যে বাসায় পৌঁছে দিচ্ছে।