পাবনায় ব্যবসায়ীর টাকা ছিনতাই, ছাত্রলীগের নেতাসহ গ্রেফতার তিন

আপডেট : ১০ মে ২০২০, ২২:৪৪

সাঁথিয়ায় ব্যবসায়ীর ৫ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় এক ছাত্রলীগ নেতাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঐ ছাত্রলীগ নেতার নাম রুহুল আমিন মৃধা। রুহুল আমিন জেলা ছাত্রলীগের সহ-ভাপতি। গতকাল রবিবার সাঁথিয়া উপজেলার বৃহস্পতিপুর বাজরসংলগ্ন ব্রিজে এ ঘটনা ঘটে।

আতাইকুলা থানা সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার বৃহস্পতিপুর বাজরের ভুসি ব্যবসায়ী সিরাজুল ইসলামের ছেলে মুসা কর্মচারীকে নিয়ে আতাইকুলা বাজার শাখা অগ্রণী ব্যাংকে টাকা জমা রাখতে আসেন। পথিমধ্যে পূর্ব থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা বাজারসংলগ্ন ব্রিজ থেকে ব্যবসায়ীকে মারপিট করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় ব্যবসায়ী মুসার চিত্কারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের ধাওয়া করলে তারা টাকার ব্যাগ ফেলে পালিয়ে যায়। মুসা আতাইকুলা থানায় অভিযোগ করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিরুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমিন মৃধা ও তার ছোটো ভাই রানা মৃধা ও মামা শিপনকে গ্রেফতার করা হয়। এদিকে আহত মুসাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুস জানান, ছাত্রলীগের নাম ভাঙিয়ে রুহুল আমিন এলাকায় রাজত্ব কায়েম করেছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।