সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) এম আনোয়ারুল কবীর তালুকদার আর নেই। গতকাল রবিবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মরহুম তালুকদারের পরিবার জানায়, তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। পরিবারের দাবি অনুযায়ী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এই প্রথম এক জন উল্লেখযোগ্য রাজনীতিক প্রাণ হারালেন।
মরহুম আনোয়ারুল কবীর তালুকদার বিএনপি-জামায়াত জোট সরকারের প্রতিমন্ত্রী ছিলেন। ২০০৬ সালের শেষদিকে তিনি বিএনপি ছেড়ে অলি আহমদের সঙ্গে এলডিপিতে যোগ দেন। তিনি বিএনপির সাবেক মহাসচিব মরহুম আবদুস সালাম তালুকদারের ভাতুষ্পুত্র। জামালপুর জেলার সরিষাবাড়ি থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
