করোনা সংকট মোকাবিলায় কৃষককে সহযোগিতা দিতে দেশের ৬৪ জেলায় ৬৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার। তারা চলমান এই সংকটের সময় কীভাবে খাদ্য উত্পাদন ব্যবস্থা চালু রেখে আরো বেশি পরিমাণে ফসল উত্পাদন করা যায় সে বিষয়ে কৃষককে সহযোগিতা করবে।
সম্প্রতি কৃষি মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের এই দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। উল্লেখ্য, সংশ্লিষ্ট কর্মকর্তাদের এরআগে ৬৪ জেলার ‘বঙ্গবন্ধু কৃষি উত্সব’ এর দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তারা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন। তারা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পতিত জমিতে ফসল উত্পাদনে গৃহীত ব্যবস্থা সম্পর্কে তদারকি করবেন। এছাড়া চলতি বোরো মৌসুমে ধান কাটার অগ্রগতি, কৃষিতে যন্ত্রপাতির ব্যবহার, আউশে প্রণোদনা, সরকারিভাবে ধান সংগ্রহে কৃষকের তালিকা প্রণয়নের অগ্রগতি কাজেরও তদারকি করবেন তারা।
