সিকিমে ভারত-চীন সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার উত্তর সিকিমের নাকুলায় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দেশের সেনারা। হাতাহাতি এবং ঘুষোঘুষিতে দুই পক্ষের বেশ কয়েক জন আহত হন। তবে সংঘর্ষ বড়ো আকার ধারণ করতে পারেনি। স্থানীয় স্তরেই শেষ পর্যন্ত ঝামেলা মিটে যায় বলে জানা গেছে। খবর আনন্দবাজার পত্রিকার।
নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর দুই কর্মকর্তা এই ঘটনার কথা সংবাদমাধ্যমে প্রকাশ করেছেন। তারা জানান, মুগুথাং পেরিয়ে ৫ হাজার ফুট উচ্চতায় নাকুলা সেক্টরে দুপক্ষের প্রায় ১৫০ সেনার মধ্যে সংঘর্ষ বাধে। এতে চার ভারতীয় ও চীনা সেনাবাহিনীর সাত জন আহত হন। বিষয়টি নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে সেনাবাহিনীর সদর দপ্তরে যোগাযোগ করা হলেও এ ব্যাপারে কিছু জানা নেই বলে সেখান থেকে বার্তা দেওয়া হয়। নাকুলায় এই ধরনের ঘটনা সাধারণত ঘটে না বলে জানান, সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তা। তবে ভারত ও চীনা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়। ২০১৭ সালের আগস্টে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে প্যাংগং লেক এলাকায় পরস্পরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুপক্ষের সেনারা। ঘুষোঘুষির পাশাপাশি একে অপরকে লক্ষ্য করে পাথরও ছোড়া হয় সেখানে। ডোকলামে টানা ৭৩ দিন ধরে দুই দেশের সেনাবাহিনী যখন মুখোমুখি অবস্থান করছিল, ঠিক সেই সময়ই এই ঘটনা ঘটে।
