শনিবার গভীর রাতে সিটি মেয়রের সঙ্গে নগরীর ব্যবসায়ী নেতৃবৃন্দ বৈঠক করে দোকান খোলা রাখার পূর্ব সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। বরিশালের ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রস্থল চকবাজার-কাঠপট্টি-লাইনরোড-পদ্মাবতী ব্যবসায়িক কল্যাণ সমিতির নেতারা নগরীর কালিবাড়ি রোডে সিটি মেয়রের বাসায় বৈঠকে বসেন। এসময়ে মেয়রের অনুরোধে জীবিকার চেয়ে জীবনের মূল্য বেশি মনে করে এ সিদ্ধান্ত নেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। করোনার প্রভাব কেটে না যাওয়া পর্যন্ত ওষুধ এবং মুদি দোকান ছাড়া বরিশালে সব ধরনের দোকান বন্ধ রাখতে ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দেন ব্যবসায়িক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
এদিকে জনস্বার্থে দোকান বন্ধ রাখার সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ায় বরিশালের ব্যবসায়ী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি ঈদে নতুন জামা কেনার চেয়ে জীবন রক্ষার জন্য সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ঈদের কেনাকাটার টাকা অসহায় মানুষের কল্যাণে খরচ করার জন্য দলীয় নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানান সিটি মেয়র। ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহিম জানান, ‘মেয়রের আহ্বানে সাড়া দিয়ে করোনার সংক্রমণ থেকে নগরবাসীকে রক্ষা করতে তারা দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’ এর আগে বাণিজ্য মন্ত্রণালয় ১০ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান খোলা রাখার অনুমতি দেয়।
