কোভিড-১৯ পোর্টেবল টেস্টিং বুথ তৈরির ডিজাইন নির্দেশিকা করেছে স্থপতি ইনস্টিটিউট

আপডেট : ১১ মে ২০২০, ০০:৪৪

চলমান করোনা ভাইরাস মহামারিতে অধিকহারে করোনা পরীক্ষা করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এজন্য বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট কোভিড-১৯ নমুনা সংগ্রহ এবং টেস্ট করতে পোর্টেবল বুথের নকশা তৈরির গাইডলাইন প্রস্তুত করেছে। এই জাতীয় বুথগুলো স্বাস্থ্যসেবা সরবরাহকারীদের নিরাপত্তা বজায় রেখে দক্ষতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা ও দ্রুত নমুনা সংগ্রহের জন্য উপযোগী।

এই জাতীয় টেস্টিং বুথ গত কয়েক মাসের মধ্যে বিশ্বের অনেক দেশে এরই মধ্যে তৈরি করা হয়েছে। তবে, দেশে প্রস্তুত করা হলে তার খরচ কম হবে। প্রতিবন্ধীবান্ধব আর শিশুদের ব্যবহারের জন্য উচ্চতা অ্যাডজাস্ট করার মতো বিশেষ সুবিধা রয়েছে এ নকশায়। নকশার গাইডলাইনটি এরই মধ্যে সরকারি-বেসরকারি সংস্থা যেমন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পিডব্লিউডি, স্থাপত্য অধিদপ্তর, এমইএস, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, বিজিএমইএ, বিকেএমইএ এর ৩৮ জন জ্যেষ্ঠ কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে। এটা ডাউনলোড করা যাবে—ওয়েবসাইট [www.iab.com.bd] অথবা ফেসবুক পেইজ [www.facebookcom/IArchBD] থেকে।