খাদ্যবান্ধব কর্মসূচিতে সরকারি চাল আত্মসাতের অভিযোগে দেশের বিভিন্ন জেলায় তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশ (দুদক)। টাঙ্গাইল, মাদারীপুর ও শরীয়তপুরে এ তিনটি মামলা করা হয়েছে। তিনটি মামলায়ই তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মিনহাজ উদ্দীনের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি প্রকৃত কার্ডধারী ব্যক্তিদের কার্ড সরবরাহ না করে কার্ডগুলো দিয়ে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচি কার্যক্রমের ৫১০ কেজি চাল তুলেছেন।
এদিকে শরীয়তপুর জেলার সখীপুর থানার আরশীনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. সামসুদ্দোহা ওরফে ডা. রতন এবং একই ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলমকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, আরশীনগর ইউনিয়ন পরিষদের উপকারভোগী কার্ডধারী মত্স্যজীবীদের খাদ্যবান্ধব কর্মসূচি ভিজিএফের সরকারি ১ হাজার ৫০ কেজি চাল চুরি করেছেন। অন্যদিকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ইসমাইল ফকিরকে আসামি করা হয়েছে। ইসমাইল ২০১৭ সাল থেকে ভুয়া নামে ??‘হতদরিদ্র খাদ্যবান্ধব কর্মসূচির’ ১০ হাজার ২৬০ কেজি চাল চুরি করেছেন।
