আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচারিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রণীত ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০ তথা ভার্চুয়াল কোর্ট পরিচালনা আইন’ একটি যুগান্তকারী আইন। এটি বাংলাদেশকে আর একটি নতুন অধ্যায়ে সূচিত করার আইন। গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকার বনানীর বাসভবন থেকে ভার্চুয়াল কোর্ট সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাবে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, সাক্ষ্য আইন সংশোধন হওয়ার পর এই অধ্যাদেশে প্রদত্ত ক্ষমতাবলে বিচারিক কাজগুলো শুরু করা যাবে। তখন আমাদের নিম্ন আদালত তথ্যপ্রযুক্তির মাধ্যম ব্যবহার করে ট্রায়াল, সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শুনতে এবং রায় প্রদান করতে পারবে।
