পুরান ঢাকায় ব্যাংক থেকে ৮০ লাখ টাকা উধাও ব্যাংক কর্মকর্তাসহ চার জন আটক

আপডেট : ১১ মে ২০২০, ০০:৪৮

পুরান ঢাকার ইসলামপুরে ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকা খোয়া গেছে। এ ঘটনায় ব্যাংকের দুই জন নিরাপত্তাকর্মী, এক জন এক্সিকিউটিভ অফিসার ও এক জন চালককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, টাকা বহনকারী গাড়ি গতকাল পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ন্যাশনাল ব্যাংকের শাখা থেকে টাকা সংগ্রহ করছিল। এ সময় গাড়িতে ব্যাংকের দুই জন অস্ত্রধারী নিরাপত্তাকর্মী, এক জন এক্সিকিউটিভ অফিসার ও গাড়িচালক ছিলেন। বিভিন্ন এলাকার শাখা থেকে টাকা সংগ্রহ করে গাড়িটি ইসলামপুর শাখায় আসে দুপুরে। ঐ শাখা থেকেও টাকা নিয়ে গাড়িতে তোলা হয়। এর পরই গাড়ি মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের দিকে রওনা হয়। কিছুক্ষণ আসার পরই গাড়িতে থাকা নিরাপত্তা কর্মীরা চিত্কার দিয়ে ওঠেন যে টাকার একটি বস্তা পাওয়া যাচ্ছে না। যাতে ৮০ লাখ টাকা ছিল। ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ করে। এর পরই টাকা বহনকারী গাড়িতে থাকা চার জনকেই আটক করে কোতোয়ালি থানায় নেওয়া হয়।