নওগাঁয় করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন ৯ জন 

আপডেট : ১১ মে ২০২০, ১৯:৪৯

নওগাঁয় করোনা যুদ্ধে জয়ী হয়ে ৯ ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ সোমবার (১১ মে) স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ফুল উপহার দিয়ে তাদের বিদায় জানানো হয়।

করোনা ভাইরাস জয়ীরা হলেন, রাণীনগর উপজেলার স্বাস্থ্যকর্মী দীপা, মোসলেমা ও তুহিন রানা, আত্রাই উপজেলার আনোয়ারা বিবি, সাদিক ও সামাদ, মহাদেবপুর উপজেলার আশা ও সুজিত এবং মান্দা উপজেলার সাব্বির।  

নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা আক্রান্ত ওই ৯ ব্যক্তিকে ১৪ দিন হোম আইসোলেশনে রেখে চিকিৎসার দেওয়া হয়। ১৪ দিন পর প্রত্যেকের নমুনা পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট আসে। এরপর পূর্ণ সুস্থ হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। এই পর্যন্ত মোট ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

আরো পড়ুন: মিরসরাইয়ে আরো এক স্কুল ছাত্রীসহ দু’জন করোনায় আক্রান্ত

ছাড়পত্র পাওয়া করোনা জয়ীরা বলেন,‘ প্রথমে করোনা পজিটিভ হওয়ার খবর শোনার পর খুব ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল আর বোধ হয় বাঁচবো না। কিন্তু গত ১৪ দিন হোম আইসোলেশন থাকার পর আমরা পূর্ণ সুস্থ হয়ে গেছি। সময়মত চিকিৎসা সেবা পেয়েছি। কোন অসুবিধা হয়নি।’

এর আগে রবিবার সাপাহার উপজেলার শাহিন নামে করোনা আক্রান্ত এক ব্যক্তি রাজশাহী থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেন।

উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত ৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ইত্তেফাক/এএএম