বিশ্ব ফ্যাশনেও করোনার প্রভাব

আপডেট : ১১ মে ২০২০, ২০:১১

l রাকীবা ঐশী

 

বিশ্বের প্রায় সব দেশেই ছড়িয়ে পড়েছে মারণঘাতী করোনা ভাইরাস (কভিড-১৯)। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে বিশ্বব্যাপী বেড়ে গেছে মাস্কের ব্যবহার। আর সেই হাওয়া লেগেছে ফ্যাশন মঞ্চেও। সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে দেখা গেছে বিভিন্ন ধরনের পোশাকের সঙ্গে মাস্কের ব্যবহার। পোশাকগুলোর ফরাসি ডিজাইনার ম্যারিন সেরে এগুলোকে ‘অ্যান্টি-পলিউশন মাস্কস’ বা দূষণ প্রতিরোধী মাস্ক বলে দাবি করছেন। ডিজাইনগুলো করা হয়েছে তার ফ্যাশন হাউজ থেকেই।

তবে ম্যারিন এই ডিজাইনগুলো করোনা প্রাদুর্ভাবের আগেই করেছেন। বসন্ত ও গরমের সংগ্রহের ওপর গত সেপ্টেম্বরে তিনি একটি শো আয়োজন করেছিলেন। সেই শোতেও তিনি বিভিন্ন রকম মুখের পর্দা ও ফেসমাস্ক ব্যবহার করেছিলেন। ফেসমাস্ক ছাড়াও সেরের ডিজাইন করা কিছু পোশাকে বিভিন্ন ধরনের মুখ ঢাকা কাপড়ের ব্যবহার দেখা গেছে। পোশাকটিই এমনভাবে তৈরি যে তা চোখ বাদ দিয়ে সম্পূর্ণ মাথা ও মুখ ঢেকে রাখবে। ২৮ বছর বয়স্ক সেরে ইতোমধ্যেই ফ্যাশনজগতের প্রশংসায় ভাসছেন তার বাস্তবধর্মী নিরীক্ষার জন্য।

প্যারিস ফ্যাশন উইকে শুধু সেরের ডিজাইনেই নয়, ফেসমাস্ক দেখা গেছে দর্শকসারিতেও। ড্রায়েস ভ্যান নোটেনের শরত্ ও শীতকালীন পোশাকের ফ্যাশন শোতেও দর্শনার্থীদের ফেস মাস্ক পরে আসতে দেখা গেছে।