নিলামে সাকিবের আরেকটি ব্যাট

আপডেট : ১১ মে ২০২০, ২০:২১

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাস মোকাবিলার লড়াইয়ে শুরু থেকেই দেশের মানুষের সঙ্গে রয়েছেন ক্রিকেটাররা। করোনা দুর্গতদের সহযোগিতায় হাত বাড়াচ্ছেন তারকা ক্রিকেটাররা। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়া ক্রিকেটার সাকিব আল হাসানও প্রতিনিয়ত সাহায্য করছেন অসহায় মানুষদের। দেশের বাইরে থাকলেও করোনাকালে দুস্থদের সাহায্যে বেশ তত্পর ছিলেন এই অলরাউন্ডার।

করোনায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে ২০১৯ বিশ্বকাপে ব্যবহূত প্রিয় এসজি ব্যাটটি নিলামে তুলেছিলেন সাকিব। যেটি ২০ লাখ টাকায় বিক্রি হয়েছিল। এবার আরো একটি ব্যাট নিলামে তুলেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। ১৫ জন ক্রিকেটারের স্বাক্ষর সম্বলিত একটি ব্যাট নিলামে বিক্রির জন্য দিয়েছেন সাকিব। তার এই ব্যাটটির নিলামও পরিচালনা করছে অনলাইন নিলাম প্ল্যাটফরম অকশন ফর অ্যাকশন। নিলাম সংস্থাটি ফেসবুক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

বিশেষ এই স্মারক ব্যাটে স্বাক্ষর রয়েছে দেশের ১৫ ক্রিকেটারের। এদের ভেতর রয়েছেন- তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, ইমরুল কায়েস, শুভাশিস রায়, শুভাগত হোম, রুবেল হোসেন এবং তাসকিন আহমেদ। ব্যাটটির ভিত্তি মূল্য ঠিক করা হয়েছে ৯৯ হাজার ৯৯৯ টাকা। গতকাল সোমবার রাত ১১টায় শেষ হওয়ার কথা নিলাম কার্যক্রম। ব্যাটের বিক্রিত অর্থ সম্পূর্ণই ব্যয় হবে করোনায় বিপর্যস্ত অসহায়দের কল্যাণে।

ব্যাট বিক্রির অর্থ ছাড়াও সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের সাহায্যার্থে কাজ করছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।