ওয়েঙ্গারের বাজি নেইমার-এমবাপেতে

আপডেট : ১১ মে ২০২০, ২০:২৩

স্পোর্টস ডেস্ক

প্রায় এক যুগেরও বেশি দীর্ঘ লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈত শাসন শেষের ক্ষণ গুনছে। এরই মাঝে একবার লুকা মদ্রিচ হানাও দিয়েছেন দুজনের শ্রেষ্ঠত্বের মঞ্চে। তবে আর্সেন ওয়েঙ্গারের মত, মেসি-রোনালদোর জায়গাটা নেবেন তারই স্বদেশী কিলিয়ান এমবাপে। প্রতিদ্বন্দ্বী হিসেবে পাবেন তারই বর্তমান সতীর্থ নেইমারকে।

শেষ বারো বছরে ফিফা বর্ষসেরা ও ব্যালন ডিঅরের মঞ্চে এক রকম নিজস্ব সম্পত্তিই বানিয়ে ফেলেছিলেন মেসি ও রোনালদো। ৩২ বছর বয়সি মেসি বর্ষসেরা হয়েছেন রেকর্ড ছয় বার, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী ৩৫ বছর বয়সি রোনালদো বর্ষসেরার পুরস্কার জিতেছেন পাঁচ বার।

সম্প্রতি টকস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে ওয়েঙ্গার ভবিষ্যত্ ফুটবল নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন, যেখানে তিনি জানান সময় শেষ হয়ে আসছে মেসি-রোনালদোর। ওয়েঙ্গারের ভাষ্য,

‘মেসি ও রোনালদোর মতো অসামান্য ফুটবলার আমরা কখনই দেখিনি। দল যে কোনো কঠিন পরিস্থিতিতেই পড়ুক না কেন, তারা কিছু একটা সৃষ্টি করেই ফেলে। তবে তারাও এখন ধীরে ধীরে ক্যারিয়ারের শেষের দিকে এগিয়ে যাচ্ছে।’

শেষ কিছু দিন ধরেই ফুটবলে ফরাসি নৈপুণ্য বেড়েছে চোখে পড়ার মতো। তারুণ্যে ভর করেই তো গেল বিশ্বকাপটা ঘরে তুলেছে তারা! ওয়েঙ্গারের পূর্বানুমান, মেসি-রোনালদো পরবর্তী সময়টা হতে যাচ্ছে ফরাসি কিংবা দেশটির লিগে খেলা নেইমার-এমবাপেদেরই।

সাবেক আর্সেনাল কোচ বলেন, ‘এখন পরবর্তী প্রজন্মের সময় এবং তারা সম্ভবত ফ্রান্স সম্পৃক্ত কেউই হবেন। এই মুহূর্তে, এমবাপে এগিয়ে থাকতে পারে এবং অবশ্যই আমরা নেইমারের সম্পর্কে তো জানিই।’