লেগ স্ট্যাম্পের বাইরে পড়া বলে শট খেললে এলবিডব্লিউ হন না ব্যাটসম্যানরা। বল কোথায় পড়েছে, কোথায় যাচ্ছিল, স্ট্যাম্পের লাইনে না বাইরে প্যাডে লেগেছে বল, এমন অনেক কিছু হিসেব করে এলবিডব্লিউর আবেদন নিয়ে সিদ্ধান্ত নিতে হয় আম্পায়ারদের। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল চান তাদের জন্য কাজটা সহজ করে দিতে। ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোতে নিজের কলামে ক্রিকেটের এই আউট নিয়ে ভাবনার কথা জানান তিনি। তিনি লিখেছেন, ‘নতুন এলবিডব্লিউ আইন হওয়া উচিত এমন, যে কোনো ডেলিভারি যদি ব্যাটের আগে প্যাডে লাগে, আবার যদি মনে করেন, বল লাগবে স্ট্যাম্পে, সেক্ষেত্রে ব্যাটসম্যান শট খেলুক আর নাই খেলুক-আউট। ভুলে যান, বল কোথায় পড়ছে এবং লাইনের বাইরে প্যাডে লেগেছে কি না, যদি বল স্ট্যাম্পের দিকে যায় তাহলে আউট।’
