আবারও ভাইরাল অনন্ত জলিল

‘সবাই পেটে কথা রেখে অনুষ্ঠানে অভিনয় করে, আমি পারি না’

আপডেট : ১১ মে ২০২০, ২০:২৪

বিনোদন রিপোর্ট

 

নায়ক, প্রযোজক ও সফল ব্যবসায়ী অনন্ত জলিল যা কিছুই করেন না কেন তা নিয়ে হৈ চৈ, তোলপাড় হওয়াটা যেন ডাল-ভাতে পরিণত হয়েছে। তবে এবার কোনো নতুন সিনেমার ডায়লগ না, বরং ভিন্ন কিছু। কিছুদিন আগে এনটিভিতে সমসাময়িক বিষয় ও গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে একটি বিশেষ ইন্টারভিউ দেন। এই ইন্টারভিউটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এনটিভির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া গার্মেন্টস ব্যবসায়ী ও এই সেক্টর অনন্ত জলিলের কিছু কথা বিভিন্ন মহলে প্রতিক্রিয়া ফেলে। ২১ লক্ষেরও বেশি ভিডিওটি দেখা হয় এবং এতে ৫২ হাজারেরও বেশি মানুষ লাইক দেয়। ৮ হাজার ৯০০ জনেরও বেশি শেয়ার করেন এবং ২ হাজার ৩০০ জন লোকের মতো কমেন্ট করে। এছাড়া একই ইন্টারভিউ অনন্ত জলিল তার অফিশিয়াল ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেন, যাতে মাত্র ২৪ ঘণ্টায় ৩৭ লাখের বেশি ভিউ, ২ লাখ ২৭ হাজার লাইক ও ৬ হাজার ৭০০ কমেন্ট করেন ভক্তরা। সব মিলিয়ে ৫০ লক্ষ বারের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। এ প্রসঙ্গে অনন্ত জলিলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। সবাই তো পেটে কথা রেখে অনুষ্ঠানে অভিনয় করে। আমি পেটে কথা রেখে অভিনয় করতে পারি না। তাই পুরো বিষয়টিকে আমি খুবই ইতিবাচক দেখি। মানুষ সত্যটা বুঝতে পারে। তাই প্রকট সত্য বললে সেটাই মানুষ শেয়ার দেয়।’