বিনোদন রিপোর্ট
‘কোথায় যাবি’ খ্যাত জুয়েল মোর্শেদ মূলত বর্তমান সময়ে মিউজিক ইন্ডাস্ট্রির ডিজিটাল প্লাটফর্মেও সবচেয়ে বড় ব্যবস্থাপক হিসেবে জনপ্রিয় ও গ্রহণযোগ্য। কাইনেটিকের অন্যতম কর্তাব্যক্তি হিসেবে তারকা ও অডিও কোম্পানির বিভিন্ন কন্টেন্টকে ডিজিটালি বাজারজাতকরণের কাজ করছেন প্রতিনিয়ত। তাই অনেকখানিই অনিয়মিত হয়ে পড়েছে তার নিজের গানের রিলিজ।
নিয়মিত অনিয়ম করেই গাইছেন গান। কম্পোজিশন করছেন মাঝে মাঝে। এবারে কাভার করলেন দেশসেরা কণ্ঠশিল্পী আসিফ আকবরের একটি গান। ২০০৩ সালে প্রকাশিত আসিফ আকবরের ‘পাষাণী তুমি পাষাণী’ অ্যালবামের জনপ্রিয় গান ‘উড়ো মেঘ’। বিভিন্ন সময় আসিফ বলেছিলেন, নিজের গাওয়া গানগুলোর মধ্যে তার অন্যতম প্রিয় এটি। ১৭ বছর আগের সেই গানটি এবার কাভার করলেন এই সময়ের গায়ক ও সংগীত পরিচালক জুয়েল মোর্শেদ। এর চেয়েও মজার বিষয় হলো গতকাল আসিফের প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্ট থেকে ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে। জুয়েল বলেন, ‘আসিফ ভাইয়ের অন্য গানগুলোর চেয়ে এটি আলাদা। প্রকাশের পর থেকেই আমি গানটির ভক্ত। গাওয়ার ইচ্ছে প্রকাশ করলে আসিফ ভাই নিজেই আমাকে গানটি তোলার বিষয়ে গাইড করেন। গাওয়ার পর শুনে খুব পছন্দ করেন এবং নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই প্রকাশের অনুমতি দেন। গানটি আমি তাকেই উত্সর্গ করেছি।’
আসিফ বলেন, ‘গানটির প্রতি জুয়েল মোর্শেদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। একটি ভালো গান এভাবেই বেঁচে থাকে।’ রাজিব আহমেদের কথায় গানটির সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল। নতুন করে সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। ভিডিও পরিচালনা করেছেন আবিদ হাসান।
