লকডাউনের বাস

আপডেট : ১১ মে ২০২০, ২১:০৭

এই সময়ের ছড়া 

রুবেল হাবিব

 

ক’ তারিখ ভাই বলতে পারেন

বলেন দেখি কী বার?

কী লাভ বলো বার দেখে ভাই

নাই দরকার দেখিবার।

 

শনিবারে যেমন দশা

রবিবারেও তাই তো

সোম থেকে বুধ বৃহস্পতি

শুক্রে তফাত নাই তো।

 

ঘরের ভেতর শুরু সকাল

দুপুরবেলাও তাই যে

বিকেলবেলায় বারান্দাতে

সন্ধ্যায় দেই হাই যে।

 

সূর্য যখন অস্তমুখি

ঊর্ধ্বে তুলে হাতকে

নিদ্রা কুসুম তেলের ঘুমে

পার করে দেই রাতকে।

 

মাঠ ভুলেছি পথ ভুলেছি

আর ভুলেছি জনকে

ঘরের লোকেই ঘুরেফিরে

মানুষ চেনায় মনকে।

 

এমনি করে দিন চলে যায়

যাচ্ছে চলে মাস

দালান নামক ফ্ল্যাটের গুহায়

লকডাউনের বাস।