রাসিক মেয়রের প্রধানমন্ত্রীর উপহার ও সবজি বিতরণ 

আপডেট : ১১ মে ২০২০, ২১:০৮

রাজশাহীতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাল এবং মানবিক সহায়তা হিসেবে কর্মহীন মানুষের মাঝে সবজি বিতরণ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সোমবার বেলা ১১টায় শহীদ কামারুজ্জামান চত্বর, মহানগরীর ভদ্রা বস্তি, বহরমপুর রেলওয়ে বস্তি ও শ্রীরামপুর বস্তিতে খোলা ট্রাকে করে ১০ টন মিষ্টি কুমড়া ও ৫০ টন পুইশাক বিতরণ করা হয়।

অন্যদিকে বিকেল তিনটায় নগরভবন চত্বরে ১৭টি সংগঠনের মধ্যে ১৬ হাজার কেজি চাল বিতরণ করেন। উভয় কর্মসূচিতে রাসিকের কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান রাজস্ব কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে গত ২৮ ও ২৯ এপ্রিল ৩৩টি পেশাজীবী সংগঠনের মধ্যে চাল বিতরণ করেন মেয়র।

এদিকে সোমবার দুপুরে রাসিক মেয়রের ত্রাণ তহবিলে ২০০ পিপিই এবং ১৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী দিয়েছে আমান গ্রুপ। মেয়রের হাতে এসব হস্তান্তর করেন আমান গ্রুপের পরিচালক মো. তরিকুল ইসলাম। এ সময় আমান গ্রুপের রাজশাহীর আঞ্চলিক প্রধান মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন। কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের সহায়তায় এগিয়ে আসায় মেয়র আমান গ্রুপকে শুভেচ্ছা জানান।

ইত্তেফাক/এমআর