পাবনা জেলার সুজানগর উপজেলার আওতাধীন সুজানগর থেকে চিনাখড়ার প্রধান সড়ক এগারো কিলোমিটার দীর্ঘ। সম্পূূর্ণ সড়ক ধুলার মহাসমুদ্র। সড়কের এতটাই বেহাল দশা যে চার চাকার গাড়ি চলা তো দূরের কথা, দুই চাকার সাইকেল পর্যন্ত চালানো কঠিন। সুজানগর, চিনাখড়া, শান্তিপুর, গুরাদাহ, পুড়াডাঙ্গা এইসব হাট-বাজার এখন আর ভালোভাবে জমছে না রাস্তার দুর্দশার জন্য। অথচ বাংলাদেশের সিংহভাগ পেঁয়াজ সরবরাহ করা হতো এইসব হাট থেকে। বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা এবং প্রায় ত্রিশ গ্রামবাসী। এছাড়া ধুলোবালি বায়ু দূষিত করে বিভিন্নভাবে জনস্বাস্থ্যের হানি ঘটাচ্ছে। প্রতিদিন এক থেকে দেড় লাখ পথচারী এই রাস্তা ব্যবহার করে। এ অবস্থায়, অতিদ্রুত রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় সরকার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।
শাবলু শাহাবউদ্দিন
সাদুল্লাপুর, সুজানগর, পাবনা
