ইত্তেফাক রিপোর্ট
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই করোনায় আক্রান্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের চিকিত্সার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা সিএমএইচসহ সব সেনানিবাসের সিএমএইচগুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। অদ্যাবধি ঢাকা সিএমএইচে সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মোট ৩৪৫ জন সামরিক-অসামরিক সদস্য ও তাদের পরিবারবর্গ কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ৮৮ জন আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে নিজ নিজ আবাসস্থলে প্রত্যাবর্তন করেন এবং ভর্তির অন্য সব রোগী সুস্থ রয়েছেন। অদ্যাবধি ছয় জন রোগী মৃত্যুবরণ করেন। তন্মধ্যে চার জন ৭০ বছরের ঊর্ধ্ব অবসরপ্রাপ্ত এবং দুই জন কর্মরত সেনাসদস্য, যারা প্রত্যেকেই অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রাধিকৃত সদস্য ও তাদের পরিবারবর্গের করোনা ভাইরাস পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি)তে তিনটি এবং অন্যান্য সেনানিবাসে অবস্থিত সিএমএইচে ১০টি আরটি-পিসিআর মেশিন বিদ্যমান আছে। উল্লেখ্য, অদ্যাবধি এএফআইপিতে নিজস্ব ব্যবস্থাপনায় ৩ হাজার ১৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া সব সিএমএইচে পর্যাপ্ত পরিমাণ পিপিই, মাস্ক, গ্লাভস, প্রয়োজনীয় ওষুধসহ আনুষঙ্গিক চিকিত্সা সরঞ্জাম মজুত রয়েছে। পাশাপাশি সিএমএইচগুলো পরিকল্পিতভাবে সার্বক্ষণিক প্রশিক্ষণপ্রাপ্ত চিকিত্সকদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে।
