ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি চিকিত্সায় সাড়া দিচ্ছেন। তাকে পর্যবেক্ষণের জন্য তৈরি করা হয়েছে একটি মেডিক্যাল বোর্ড। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার জ্বর রয়েছে। রবিবার রাতে বুকে ব্যথা নিয়ে দিল্লির এইমসে ভর্তি হন মনমোহন সিং। খবর আনন্দবাজার পত্রিকার
হাসপাতাল সূত্রের খবর, সাবেক প্রধানমন্ত্রীকে নতুন ওষুধ দেওয়ার পরেই সামান্য জ্বর আসে। এরপর তাকে কার্ডিও থোরাসিক বিভাগে নিয়ে যাওয়া হয়। তবে জ্বরের অন্যান্য সম্ভাবনার কথা অবশ্য উড়িয়ে দিয়েছেন চিকিত্সকরা। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী কার্ডিওলজির অধ্যাপক নীতিশ নায়েকের চিকিত্সাধীন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিক্যাল বোর্ড তার অসুস্থতার কারণ খতিয়ে দেখছে।
মনমোহন সিংয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, হাসপাতালে তার যেসব পরীক্ষা করা হয়েছে তাতে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। রবিবার সন্ধ্যায় বুকে ব্যথা অনুভব করেন সাবেক প্রধানমন্ত্রী। তাকে রাত পৌনে ৯টা নাগাদ এইমসে ভর্তি করা হয়। গত মার্চ মাসেই অসুস্থ হয়ে পড়েছিলেন মনমোহন সিং। সেই সময় চিকিত্সকরা পুরোপুরি বিশ্রামের পরামর্শ দেন ৮৭ বছরের এই কংগ্রেস নেতাকে। তার দুইবার সার্জারিও হয়েছে।
