হদিস মেলেনি সেই ৮০ লাখ টাকার

আপডেট : ১১ মে ২০২০, ২২:৩৪

পুরানো ঢাকার বাবুবাজার এলাকায় ন্যাশনাল ব্যাংকের গাড়ি থেকে খোয়া যাওয়া ৮০ লাখ টাকাসহ বস্তাটির এখনো কোনো হদিস মেলেনি। এই ঘটনায় আটক ব্যাংক কর্মকর্তাসহ চারজন তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করছে। তারা পুলিশের কাছে বলেছে, গাড়ি থেকে একটি বস্তা কীভাবে খোয়া গেল তারা বুঝতে পারছেন না। এই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলেও তাতে কোনো আসামি উল্লেখ করেনি।

পুলিশ ও ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ বলছে, ব্যাংকের প্রধান কার্যালয়ের ঐ গাড়ি গত রবিবার পুরান  ঢাকার বিভিন্ন শাখা থেকে টাকা সংগ্রহ করে। পরে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের দিকে রওনা হওয়ার কথা গাড়িটির। বাবুবাজারে পৌঁছানোর পর গাড়িতে থাকা নিরাপত্তাকর্মীরা চিত্কার করে বলেন, টাকার একটি বস্তা পাওয়া যাচ্ছে না। ৮০ লাখ টাকার ঐ বস্তাটি বাংলাবাজারের নর্থব্রুক হল রোড শাখা থেকে তোলা হয়েছিল।

পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বলেছেন, চার জনের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য           জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার দেখানো হয়নি। নিশ্চিত না হয়ে পুলিশ কাউকে হয়রানি করতে চাচ্ছে না। সম্পৃক্ততার প্রমাণ মিললেই কেবল ঐ চার জনকে গ্রেফতার দেখানো হবে। তিনি বলেন, ঐ গাড়িটি যে পথ দিয়ে গেছে ঐ এলাকার সিসি টিভির ফুটেজগুলো সংগ্রহ করা হচ্ছে। অধিকাংশ দোকান বন্ধ থাকায় মালিকদের ডেকে ফুটেজ নেওয়া হচ্ছে।

ব্যাংকের দিলকুশা শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান এ ঘটনায় রবিবার রাতে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। ন্যাশনাল ব্যাংকের ডিএমডি এ এস এম বুলবুল সাংবাদিকদের বলেছেন, এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে যাওয়ার মধ্যে কোথাও হয়তো ঘটনাটি ঘটেছে। এর পেছনে যারাই থাক না কেন, গাড়িতে আমাদের যে কর্মীরা ছিল, তাদের দায় নিতে হবে।