সুরেশ, ড্যানিশ, প্রমি, পূবালী সল্টসহ বিভিন্ন নামি ব্র্যান্ডের ৪৩টি পণ্য নিষিদ্ধ করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট উত্পাদনকারী, সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতাদের এসব পণ্য বিক্রি-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া উত্পাদনকারী প্রতিষ্ঠানকে বাজার থেকে বিক্রীত মালামাল দ্রুত প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিএসটিআই সার্ভিল্যান্স টিমের মাধ্যমে সম্প্রতি বিভিন্ন পণ্যের ৫২১টি নমুনা সংগ্রহ করে। এর মধ্যে প্রথম ধাপে প্রাপ্ত ২৫১টি নমুনার পরীক্ষণ প্রতিবেদনের মধ্যে ১৭টি পণ্য নিম্নমানের পাওয়ায় ইতিমধ্যে সেগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাকি আরো ২৭০টি নমুনার পরীক্ষণ প্রতিবেদনের মধ্যে ৪৩টি নমুনা নিম্নমানের পাওয়া গেছে।
এই পণ্যগুলো হলো :নরসিংদীর অন্নপূর্ণা অয়েল মিলসের সুরেশ ব্র্যান্ডের সরিষার তেল, ময়মনসিংহের মুক্তাগাছার বেঙ্গল অয়েল মিলসের চাওলি ফ্লাওয়ার ব্র্যান্ডের সরিষার তেল, ময়মনসিংহের বিএল অয়েল মিলসের রুবি ব্র্যান্ডের সরিষার তেল, ময়মনসিংহের পদ্মা অয়েল মিলসের হিলসা ব্র্যান্ডের সরিষার তেল, ময়মনসিংহের রূপন অয়েল মিলসের রিং ব্র্যান্ডের সরিষার তেল, নরসিংদীর লোকনাথ অয়েল মিলসের টাইগার ব্র্যান্ডের সরিষার তেল, জামালপুরের আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কল্যাণী ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্র্যান অয়েল, গাজীপুরের ময়মনসিংহ এগ্রো লিমিটেডের সান ড্রপ ব্র্যান্ডের ফ্রুট অ্যান্ড ভেজিটেবল জুস (এলোভেরা), নারায়ণগঞ্জের ড্যানিশ ফুডস লিমিটেডের ড্যানিশ ব্র্যান্ডের ধনিয়ার গুঁড়া ও কারি পাউডার (বিফ মাসালা) এবং কারি পাউডার (চিকেন মাসালা), নারায়ণগঞ্জের বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লি.-২-এর বোম্বে আলুজ ব্র্যান্ডের চিপস (আলুজ), নারায়ণগঞ্জের আইডিয়াল এগ্রো প্রোডাক্টস (প্রা.) লিমিটেডের আইডিয়াল ব্র্যান্ডের কারি পাউডার, নেত্রকোনার প্রিয়া ফুড প্রোডাক্টসের প্রিয়া স্পেশাল ব্র্যান্ডের প্রিয়া লাচ্ছা সেমাই, ঢাকার ধামরাইয়ের সাউদিয়া ফুড প্রোডাক্টস (প্রা.) লিমিটেডের সাউদিয়া ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, ঢাকার ফোর স্টার ফুড প্রোডাক্টসের ফোর স্টার ব্র্যান্ডের কারি পাউডার (বারবি-কিউ মাসালা), ঢাকার এ জেড এ আইডিয়াল এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ (প্রা.) লিমিটেডের এজেডএ আইডিয়াল ব্র্যান্ডের কারি পাউডার (মিট কালা ভুনা মাসালা), নারায়ণগঞ্জের সুরভী সল্ট আয়োডেশনের ডলফিন ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, নারায়ণগঞ্জের সপ্তডিঙ্গা সল্ট ইন্ডাস্ট্রিজের মেয়র ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, নারায়ণগঞ্জের পূবালী সল্ট ইন্ডাস্ট্রিজের পূবালী ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, নারায়ণগঞ্জের আলী সল্ট ইন্ডাস্ট্রিজের টম্যাটো ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, নারায়ণগঞ্জের নিউ কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজের তৃপ্তি ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, নারায়ণগঞ্জের প্রগতি সল্ট ইন্ডাস্ট্রিজের দিগন্ত ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, নারায়ণগঞ্জের আলী সল্ট ইন্ডাস্ট্রিজের আলী ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, নারায়ণগঞ্জের শক্তি এডিবল প্রোডাক্টস লিমিটেডের শক্তি ব্র্যান্ডের সরিষার তেল, গাজীপুরের তুরাগ অয়েল মিলসের তুরাগ ব্র্যান্ডের সরিষার তেল, নারায়ণগঞ্জের এসকে এগ্রো ফুড প্রসেসরের সরিষার তেল, ঢাকার প্রমি এগ্রো ফুডস লিমিটেডের প্রমি ব্র্যান্ডের সরিষার তেল, রংপুরের বদরগঞ্জের আনিস স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড পাম অলিন, লালমনিরহাটের পাটগ্রামের ঈসমাইল স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড পাম অলিন, লালমনিরহাটের পাটগ্রামের গরিবুল্লাহ শাহ স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড সয়াবিন অয়েল, ঢাকার আরামবাগের ফিহাত ইন্টারন্যাশনাল ট্রেডার্সের আমদানিকৃত রিফাইন্ড সুগার ও অটগি ক্যারি হট ব্র্যান্ডের কারি পাউডার, রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল, নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল, রাজশাহীর পবার মতিউর ফিলিং স্টেশনের হাইস্পিড ডিজেল, নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন), রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল), নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন), রাজশাহীর নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল), রাজশাহীর পবার আসাদুল্লাহ অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন) ও আনলেডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল) এবং রাজশাহীর পবার মতিউর ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল)।
