সারা দেশের নির্বাচনের পরিবেশ ভালো :সিইসি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, সারা দেশে নির্বাচনের পরিবেশ ভালো। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে সেগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল সকালে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ধানের শীষের এজেন্টরা কেন্দ্রে না আসলে কী করার? তারা কেন্দ্রে কেন আসেননি বা কেন কোনো এজেন্ট নেই সেটা প্রার্থীর নির্ধারিত এজেন্টরাই বলতে পারবেন। ধানের শীষের এজেন্টরা কেন আসতে পারেননি, তা তিনি জানেন না। তবে পোলিং এজেন্টদের কেউ আসতে পারছেন না বা তাদের আসতে বাধা দেয়া হচ্ছে— এমন কোনো অভিযোগ তাদের কাছে কেউ করেননি।

তিনি বলেন, আইইএস স্কুল কেন্দ্রের নির্বাচনী পরিবেশও ভালো। আইইএস স্কুল কেন্দ্রে ধানের শীষের এজেন্ট আছে কি না— এ বিষয়টি তিনি (সিইসি) খেয়াল করেননি। এ নিয়ে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তাকেও জিজ্ঞাসা করা হয়নি বলে জানান তিনি।

দেশের বিভিন্ন জায়গার ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সম্পর্কে নির্বাচন কমিশনারকে অবগত করে, এ বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে জানতে চাইলে সিইসি বলেন, কেন্দ্রগুলোতে নিয়োজিত পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রিটার্নিং কর্মকর্তাসহ সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া আছে।

সারা দেশের সব কেন্দ্র ঢাকায় বসে নিয়ন্ত্রণ করা সম্ভব না জানিয়ে সিইসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভোট গ্রহণ বন্ধ থাকবে। বিশৃঙ্খলা হওয়া কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হচ্ছে। পরিবেশ ভালো হলে আবার কেন্দ্রগুলোতে ভোট চালু করা হবে। তবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাই তাদের দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা করবেন বলেও জানান তিনি।

কিছু কিছু ভোটকেন্দ্রে গোপন কক্ষ খোলা রেখে ভোটারদের ভোট দিতে বাধ্য করা হচ্ছে— এ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, এমনটা হওয়ার প্রশ্নই ওঠে না। কোনো ব্যক্তি বা কর্মকর্তা এমনটা করতে পারেন না

এবারের নির্বাচন আগের বারের নির্বাচনের কালিমা ঘোচাতে পারবে কি না— এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, নির্বাচন শেষ হোক। এর আগে কিছু বলা যাবে না। তবে কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি ভালো। তবে ভোট গ্রহণ শেষে তাত্ক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি সিইসি।

অন্যদিকে রাজধানীর মগবাজারে ইস্পাহানি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের বলেন, ‘কেমন ভোট হচ্ছে তা আপনাদের বিবেককেই জিজ্ঞাসা করুন। সকাল থেকেই সারাদেশ থেকে টেলিফোনে আমি অসংখ্য অভিযোগ পেয়েছি।’

অভিযোগ নিয়ে কিছু করার আছে কিনা এমন প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, ‘কমিশনার হিসাবে আমার একক কোনো রেসপনসিবিলিটি আছে বলে মনে করি না। আমি একা কি করতে পারি?’

মাহবুব তালুকদার বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতির প্রত্যাশা। এ নির্বাচন অবশ্যই হতে হবে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য। তাই আইনানুগভাবে নির্বাচন সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালন করতে হবে।

ভোট গ্রহণ শেষে গতকাল আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি নির্বাচন কমিশন (ইসি)। সন্ধ্যায় বিভিন্ন ভোটকেন্দ্র থেকে আসা ফলাফল ঘোষণা শুরু করার আগে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আজকে সবচেয়ে বড় উত্সব হয়ে গেল। সেটি হলো ভোট উত্সব।