আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারা দেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও গণজোয়ার প্রমাণ করেছে জনগণ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডে খুবই খুশি হয়েছে। সকাল থেকে সারা দেশে নারী, পুরুষ এবং তরুণ ভোটাররা ব্যাপকভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়েছেন।
নির্বাচন শেষে গতকাল রবিবার সন্ধ্যায় ফেনীর মহিপালে প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর ব্যক্তিগত কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, দেশের মানুষ কখনোই সাম্প্রদায়িক রাজনীতিকে গ্রহণ করেনি। সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে ঐক্য করার কারণেই বিএনপি ও ঐক্যফ্রন্টের এই পতন হয়েছে। ওবায়দুল কাদের বলেন, গত কয়েক দিন আগে থেকে বলেছিলাম, এবার আওয়ামী লীগ ও নৌকার পক্ষে সারা দেশে ব্যাপক গণজোয়ার দেখা দিয়েছে। রবিবার ভোট কেন্দ্রে সে গণজোয়ার দেখা গেছে। এ জোয়ার হচ্ছে শেখ হাসিনার পক্ষে গণজোয়ার, উন্নয়নের পক্ষে গণজোয়ার।
ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্টের নেতাদের ফোনালাপে বোঝা গেছে, তারা নির্বাচনে কী করতে চেয়েছিলেন। ভোট কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক উপস্থিতিতে তাদের সব ষড়যন্ত্র নস্যাত্ হয়ে গেছে। তিনি বলেন, ‘রাজনীতি হচ্ছে জোয়ার-ভাটা, কখনো উত্থান হবে, কখনো পতন হবে। সেতুমন্ত্রী বলেন, বিএনপির পতনের মূল কারণ হচ্ছে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তাদের সখ্য, সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করা। কিছু সংখ্যক বিএনপি প্রার্থীর ভোট বর্জন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ভোট বর্জন ওই সব প্রার্থীদের নিজস্ব সিদ্ধান্ত। তাদের ভোট বর্জনের সঙ্গে কেন্দ্রের কোনো সম্পর্ক নেই বলে জানি। বিএনপি ও ঐক্যফ্রন্ট ভোট বর্জন করেনি।
