ইরানে ‘ফ্রেন্ডলি ফায়ারে’ ১৯ সেনা নিহত

আপডেট : ১২ মে ২০২০, ০০:১৮

ইরানের নৌবাহিনীর দুইটি জাহাজের মধ্যে ‘ফেন্ডলি ফায়ার’ বা নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দেশটির কমপক্ষে ১৯ জন নাবিক মারা গেছেন বলে ইরানিয়ান নৌবাহিনী নিশ্চিত করেছে। এই ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন। খবর বিবিসির

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ফ্রিগেট জামারান পরীক্ষা করে দেখছিল এমন একটি জাহাজ বিধ্বংসী মিসাইল সহযোগী ছোটো জাহাজ কোনারাককে আঘাত হানলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে ওমান উপসাগরে, হরমুজ প্রণালির কাছে, একটি প্রশিক্ষণ কার্যক্রম চলার সময় ইরানের প্রতিরক্ষা বাহিনী ঐ কৌশলগত জলসীমায় নিয়মিতভাবে প্রশিক্ষণ চালিয়ে থাকে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ওয়েবসাইট জানিয়েছে, দেশটির দক্ষিণের বন্দর-ই-জাস্কের কাছে প্রশিক্ষণের সময় কোনারাক জাহাজে একটি মিসাইল আঘাত হানে। এতে বলা হয়, কোনারাক এ সময় প্রশিক্ষণের একটি লক্ষ্যবস্তু নির্দিষ্ট স্থানে নিয়ে যায়। কিন্তু মিসাইলটি আঘাত হানার সময় যথেষ্ট দূরে সরে যেতে পারেনি। জাস্ক বন্দরটি ইরানের রাজধানী তেহরান থেকে ১ হাজার ২৭০ কিলোমিটার দূরে অবস্থিত। জামারান ও কোনারক ইরানি মিলিটারির নৌবাহিনীর অংশ বলে বলা হচ্ছে।