ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত ও করোনা সন্দেহে ভর্তি রোগীদের মধ্যে গত ৯ দিনে ৯৮ জন মারা গেছেন। তাদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন। রবিবার বিকাল থেকে সোমবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টা করোনা ইউনিটে একজন চিকিত্সকসহ আট জন মারা গেছেন।
ঢামেক হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ জানান, গত ২ মে শুরু হয় বার্ন ইউনিটে করোনা রোগী ভর্তির কর্যক্রম। ভর্তির শুরুতেই মারা যান একজন। এরপর থেকে একে একে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। সে অনুযায়ী সোমবার পর্যন্ত ৯৮ জন রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ। বাকিরা সাসপেকটেড।
ওয়ার্ড মাস্টার আরো জানান, বর্তমানে হাসপাতালে রোগী ভর্তি আছেন ২০৫ জন। এর মধ্যে আইসিউতে ১০ জন। এ কয়দিনে রোগী ভর্তি হয়েছিলেন প্রায় ৬১০ জন। অনেকেই চিকিত্সা নিয়ে বাসায় গেছেন। আবার অনেকেই হাসপাতালের কর্তৃপক্ষকে কিছু না বলে চলে গেছেন।
এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, মৃত্যুর সংখ্যাটি আমি বলতে পারব না। তবে মৃত্যুর হার ৯ দিনে অনেক। তাদের মধ্যে করোনা সাসপেকটেডের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি কোভিড-১৯ আক্রান্ত হয়েও মারা গেছে কয়েকজন।
