শুধু ফুসফুস নয় বরং পুরো শরীরে করোনা ভাইরাস মারাত্বক প্রভাব ফেলতে পারে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, ফুসফুস ছাড়াও মস্তিষ্ক, কিডনি, স্নায়ুতে প্রভাব ফেলে এই প্রাণঘাতী করোনা ভাইরাস।
করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশে একটি গবেষণায় দেখা যায়, করোনা ভাইরাস নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩৮ জনের এক তৃতীয়াংশের চোখ ছিল গোলাপী বর্ণের। গবেষকরা বলছেন এই ভাইরাস মস্তিষ্কের ব্যাপক ক্ষতি করতে পারে যার ফলে মাথা ব্যাথা, অচেতন হওয়ার মত ঘটনা ঘটে।
এপ্রিলে প্রকাশিত আরেকটি গবেষণায় দেখা যায়, করোনা ভাইরাসের কারণে স্ট্রোক পর্যন্ত করছেন রোগীরা। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে অনেকেই খাবারের স্বাদ এবং গন্ধ পাওয়া ক্ষমতা হারিয়ে ফেলেছেন।
একটি করোনা ভাইরাসের উপসর্গ ট্রাকিং অ্যাপের দেয়া তথ্য অনুযায়ী, রোগীদের মধ্যে ৬০ শতাংশই কোন স্বাদ এবং গন্ধ পান না।
এদিকে যুক্তরাষ্ট্রের একজন বিশেষজ্ঞ ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে, প্রস্রাব এবং রক্তের মাধ্যমে করোনা ভাইরাস কিডনির ক্ষতি সাধন করে।
এছাড়া পায়ের আঙ্গুলসহ শরীরের চামড়ায় বিভিন্ন উপসর্গ ফুসকুড়িও দেখা দেয় এই করোনা ভাইরাসের কারণে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিরল প্রদাহজনিত উপসর্গ নিয়ে মারা গেছে তিনটি শিশু। ধারণা করা হচ্ছে, এর সঙ্গে নভেল করোনাভাইরাসের যোগসূত্র রয়েছে।
জানা গেছে, ওই শিশুরা টক্সিক শক ও কাওয়াসাকি রোগের উপসর্গের মতো লক্ষণ নিয়ে মারা যান। টক্সিক শক ও কাওয়াসাকি রোগের উপসর্গে প্রদাহ, চামড়ায় র্যাশ, গ্রন্থি ফুলে ওঠা, আর গুরুতর অবস্থায় হৃদযন্ত্রের ক্ষতির মতো ঘটনা ঘটে।
