আর্থিক সংকটে আফগান ক্রিকেট

আপডেট : ১২ মে ২০২০, ২০:৩৩

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের প্রকোপে থমকে আছে ক্রিকেট বিশ্ব। আর এর প্রভাবে আর্থিক সংকটে পড়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। কোচিং স্টাফটের সবার বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। মে মাসে তাদের বেতন ২৫ শতাংশ কম দেওয়া হবে।

এখানেই শেষ নয়, জুনে আফগানিস্তানের জিম্বাবুয়ে সফর বাতিল হলে সে মাসের বেতন কাটা হতে পারে ৫০ শতাংশ। যদিও, চুক্তিতে থাকা ক্রিকেটারদের চলতি বছরের প্রথম তিন মাসের বকেয়া বেতন অবশ্য দিয়ে দিয়েছে এসিবি। বোর্ডের আর্থিক অবস্থা আরো খারাপ হলে নিকট ভবিষ্যতে তাদের বেতন কাটার বিষয়টি পর্যালোচনা করা হতে পারে।

বেতন কাটা পড়ছে মূলত প্রধান কোচ ল্যান্স ক্লুজনার, ব্যাটিং কোচ হিল্টন ডিওন অ্যাকারমান, সহকারী কোচ ও সাবেক আফগান অধিনায়ক নওরোজ মঙ্গলের। সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্লুজনার ২০১৯ সালের সেপ্টেম্বরে ও অ্যাকারমান এই বছরের মার্চে দায়িত্ব নেন। তাদের চুক্তির মেয়াদ আছে বছরের শেষ পর্যন্ত।

বেতন কাটার সিদ্ধান্তের বিষয়টি ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোকে নিশ্চিত করেন এসিবির প্রধান নির্বাহী লুতফুল্লাহ স্টানিকজাই। তিনি জানান, কোভিড-১৯ সংকটের প্রভাবে তাদের ব্যয় সাশ্রয়ী করার পরিকল্পনার অংশ এটি।

আইসিসির ভবিষ্যত্ সফরসূচি (এফটিপি) অনুযায়ী, আফগানিস্তানের পরবর্তী খেলা এশিয়া কাপে। তবে এসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে সম্মত হয়েছে, যা এফটিপির বাইরে। স্টানিকজাই জানান, জিম্বাবুয়ে সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের আকাশপথে বিদেশযাত্রা পুনরায় শুরুর অপেক্ষায় আছেন তারা।