ইচ্ছা করেই চূড়ায় ওঠেননি ইনজামাম

আপডেট : ১২ মে ২০২০, ২০:৩৩

সুযোগ এসেছিল পাকিস্তানের হয়ে সর্বোচ্চ টেস্ট ইনিংসের নতুন রেকর্ড গড়ার। মাত্র ৮ রানের জন্য হানিফ মোহাম্মদের রেকর্ড ভেঙে নিজেকে চূড়ায় নিতে পারেননি ইনজামাম-উল হক। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলছেন, পূর্বসূরির রেকর্ড ভাঙার ইচ্ছাই নাকি তার ছিল না। ১৯৫৮ সালে বারবাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৩৭ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেছিলেন ক্রিকেটের প্রথম ‘লিটল মাস্টার’ হানিফ।  ২০০২ সালে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে চার নম্বরে নেমে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৩২৯ রান করেন ইনজামাম। ইনজামাম বলেন, ‘সত্যি বলতে হানিফ ভাইয়ের রেকর্ড ভাঙার কোনো ইচ্ছাই আমার ছিল না। যদি এটি বিশ্ব রেকর্ড হতো, তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। তবে কোনো পাকিস্তানি সতীর্থের রেকর্ড ভাঙার ব্যাপারটা আমাকে সত্যিই কখনো টানেনি।’