ইত্তেফাক রিপোর্ট
লবণচাষিদের কৃষিপণ্যের আওতায় রেয়াতি সুবিধায় সহজশর্তে চার শতাংশ সুদে ঋণ প্রদানের জন্য কক্সবাজারের অবস্থিত সাতটি ব্যাংকের প্রতি অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক)। কক্সবাজারে বিসিকের লবণ শিল্প উন্নয়ন কার্যালয় থেকে এ চিঠি দেওয়া হয়েছে। ব্যাংকগুলো হচ্ছে, কক্সবাজারে অবস্থিত সোনালী ব্যাংক লি., বাংলাদেশ কৃষি ব্যাংক লি., অগ্রণী ব্যাংক লি., জনতা ব্যাংক লি., রুপালী ব্যাংক লি., বেসিক ব্যাংক এবং কর্মসংস্থান ব্যাংক। বিসিক লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ হাফিজুর রহমান প্রেরিত চিঠিতে বলা হয়, চলতি লবণ মৌসুমে ২৮ হাজার ৭৯১ জন লবণচাষি ৫৭ হাজার ৭২২ একর জমিতে লবণ চাষ করছে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দেশের বিভিন্ন শিল্পখাতের ন্যায় লবণ শিল্পখাতও ক্ষতির সম্মুখিন হচ্ছে। সারাদেশে লকডাউনের কারণে স্থানীয় প্রশাসনের নির্দেশনায় ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে লবণ উত্পাদন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ফলে প্রচুর পরিমাণে লবণ উত্পাদন হলেও চাষিরা এর উপযুক্ত মূল্য পাচ্ছে না। বর্তমানে লবণের মূল্য উত্পাদন খরচের প্রায় অর্ধেক। এতে করে দেশীয় কৃষিভিত্তিক লবণ শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। চিঠিতে আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে ক্ষুদ্র ও কুটির শিল্পখাতে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ২০১৯-২০ অর্থবছরের কৃষি ও পল্লি ঋণ নীতিমালা ও কর্মসূচিতে দেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলে লবণচাষিদের সহজশর্তে ঋণ প্রদানের নির্দেশনা রয়েছে। এতে লবণ চাষকে একটি উপখাত হিসেবেও দেখানো হয়েছে। সামগ্রিক বিবেচনায় সরকার প্রদত্ত সুদ ক্ষতি পুনর্ভরণ করে লবণচাষিদের জন্য রেয়াতি সুবিধায় ৪ শতাংশ সুদহারে ঋণ প্রদানের সুযোগ রয়েছে।
