ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন শিল্পনগরীগুলোর চাল উত্পাদনকারী শিল্প ইউনিটগুলোতে উত্পাদন অব্যাহত রয়েছে। বর্তমানে এসব শিল্পনগরীতে দৈনিক গড়ে ১ হাজার ৯০০ মেট্রিক টন চাল উত্পাদিত হচ্ছে।
বিসিক জানিয়েছে, সারাদেশে বিসিকের ৭৬টি শিল্পনগরীর মধ্যে ১৩টি শিল্পনগরীতে চাল উত্পাদিত হচ্ছে। করোনা সংকটকালে দেশের অভ্যন্তরীণ চালের বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে এগুলোতে উত্পাদন অব্যাহত রাখা হয়েছে। বিসিক শিল্পনগরী পাবনায় দৈনিক ৬০০ মেট্রিক টন, রাজশাহীতে দৈনিক ৫৫০, দিনাজপুরে ৪০০, নওগাঁয় ১২০, খুলনাতে ১০৩, কুড়িগ্রামে ২৭, কক্সবাজারে ২৫, জামালপুরে ২৩, গাইবান্ধায় ২০, শেরপুরে ১৮, রাজবাড়ীতে ৯, গোপালগঞ্জে ৩ এবং বাগেরহাটে ২ মেট্রিক টন উত্পাদিত হচ্ছে।
বিসিক শিল্পনগরীতে অবস্থিত চালকলগুলো থেকে সরকারও চাল ক্রয় করে থাকে। নওগাঁ বিসিক শিল্পনগরী কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম বলেন, সরকার নির্ধারিত মূল্যে নওগাঁ বিসিক থেকে চাল সংগ্রহ করবে। এ লক্ষ্যে মালিকপক্ষের সঙ্গে এরই মধ্যে সরকারের চুক্তি হয়েছে। করোনা পরিস্থিতিতে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে বিসিক শিল্পনগরীর চালকলগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
