স্রষ্টার সৃষ্টি সেরা জীব হয়েও অনুজীবের কাছে অসহায়। এতোটা দুর্বল সত্বা আমাদের যে, অনুজীব নিয়ন্ত্রণ করতে গোটা বিশ্ব হিমশিম খাচ্ছে। মৃত্যুর মিছিলে একে একে বিশ্বের প্রায় সব দেশই যোগ দিচ্ছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দেখা দিয়েছে করোনা ভাইরাস আতঙ্ক। এতে সবচেয়ে অসহায় হয়ে পড়েছে নিম্নআয়ের মানুষ। করোনা মোকাবেলায় জনসমাগম এড়াতে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। চক্ষু লজ্জার ভয়ে অনেকে কারো কাছে হাত পাততে পারছে না। কর্মহীন অসহায় সেইসব দরিদ্রদের বাড়ি বাড়ি ত্রাণ নিয়ে ছুটছেন বগুড়া জেলার শেরপুর উপজেলা চান্দাইকোনা, সীমাবাড়ি ইউনিয়নের চন্দ পাড়ার অনন্ত কুমার চন্দ এর ছেলে আনন্দ কুমার চন্দ।
একান্ত প্রচেষ্টায় নিজের অর্থায়নে আনন্দ কুমার চন্দ তার ছোট ভাই পার্থ কুমার চন্দকে নিয়ে এলাকার ভূমিহীন ও দরিদ্র সমাজের মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। ৫০-৬০টি পরিবারের মধ্যে ৮ মে থেকে ১১ মে পর্যন্ত তাদের প্রত্যেককে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী দেন তিনি। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, ডাল ও সাবান।
ত্রাণ বিতরণকালে আনন্দ কুমার চন্দ বলেন, দরিদ্র সমাজের মানুষের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত। পাশে থেকে তাদের সাহস দিতে হবে। করোনা মোকাবেলায় এক সঙ্গে সবাইকে এগিয়ে আসতে হবে।
ইত্তেফাক/কেকে
