টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার পিরোজপুর হাটখোলার মাঠটি অরনখোলা ও যাত্রাবাড়ীর বাসিন্দাদের শারীরিক ও মানসিক বিকাশের স্থান। এখানে বিভিন্ন বয়সের মানুষ ফুটবল ক্রিকেট ও হাডুডু খেলে আসছেন প্রায় ১০০ বছর ধরে। দুঃখের বিষয়, কিছু কাঠ ব্যবসায়ী মাঠের মধ্যে কাঠ বেচাকেনা করে জায়গাটাকে দখল করে নিয়েছে। তাছাড়া আশেপাশের দোকান সম্প্রসারণের জন্য খেলার মাঠটি ক্রমেই সংকুচিত হচ্ছে। এই মাঠে খেলার সুযোগ হচ্ছে না শিশু-কিশোর থেকে শুরু করে বড়োদের। বিকেল হলেই উঠতি বয়সের ছেলেরা বাজারে আড্ডা জমায়। বর্তমান সময়ে যখন সামাজিক দূরত্ব মেনে দোকান স্থাপনের দরকার ছিল, মাঠে কাঠ থাকায় সেটাও করা যায়নি। এ অবস্থায়, কাঠগুলিকে অন্য স্থানে সরিয়ে নিয়ে ফুটবল মাঠকে খেলার উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
কবির উদ্দিন
গ্রাম : পিরোজপুর, ডাকঘর : কাকরাইদ, মধুপুর, টাঙ্গাইল
