ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলাধীন পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের শাজাহান মিয়ার আবাসিক মিটার স্কিনে লেখা বর্তমান ইউনিট ৩৬৭৪। কিন্তু তাঁর কাছে পল্লীবিদ্যুত্ অফিস থেকে পাঠানো বিলের কাগজে লেখা বর্তমান ইউনিট ৪১৩০। অর্থাত্ শাজাহান মিয়ার আবাসিক মিটারের অতিরিক্ত বিল করা হয়েছে ৪৫৬ ইউনিটের, টাকার অঙ্কে অতিরিক্ত ৪৫৩২ টাকা। দরিদ্র শাজাহান মিয়া বিলটি সংশোধনের জন্য ২০০ টাকা খরচ করে এবং এক দিনের মজুরি ৮০০ টাকা জলাঞ্জলি করে ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্রাহ্মণবাড়ীয়া পল্লীবিদ্যুত্ অফিসে গেলে, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে পুরো টাকা পরিশোধ করতে বলা হয়। ভুল করবে পল্লীবিদ্যুত্ অফিস আর প্রায়শ্চিত্ত করতে হবে গ্রাহককে? এটা মেনে নেওয়া যায় না। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এম মনসুর আলী
অরুয়াইল বাজার, সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া
