ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে জামিন সংক্রান্ত বিষয়ে ভার্চুয়াল কোর্ট থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার সকালে জেলা সমিতির সভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে ভার্চুয়াল আদালতে অংশগ্রহণ না করার বিষয়টি জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, আইনজীবীরা আদালতের জুরিসডিকশন এলাকায় উপস্থিত নেই। তাই সময় স্বল্পতার কারণে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আইনজীবীরা প্রস্তুত নন। অনেক আইনজীবীর স্মার্ট ফোন নেই। আদালতপাড়ার সব কম্পিউটারের দোকান করোনার কারণে বন্ধ। এতেও ভার্চুয়াল আদালতে আসামির জামিন সংক্রান্ত বিষয়ে অনলাইনে আবেদন করা সম্ভব নয়। সভায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান রসুল, সাধারণ সম্পাদক আসম মোস্তাফিজুর রহমান মনু, বনি আমীন বাকলাই প্রমুখ।
বরিশাল অফিস জানায়, আদালতে ভার্চুয়াল কার্যক্রম চালুর প্রতিবাদ এবং আগের মতো ম্যানুয়াল পদ্ধতি চালুর দাবিতে মঙ্গলবার বরিশালে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। জেলা জজ আদালত চত্বরের আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন সাধারণ আইনজীবীরা।
জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়ছার বলেন, বরিশালে ইন্টারনেটের গতি খুবই কম। এছাড়া আইনজীবীদের বড়ো একটি অংশ প্রবীণ হওয়ায় ফেসবুক, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পারদর্শী নন তারা। এ কারণে অনেক আইনজীবী ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম চান না।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম জানান, ভার্চুয়াল আদালত শুরুর আগে প্রশিক্ষণ ও পূর্ব প্রস্তুতি প্রয়োজন। সেটি না করে হঠাত্ ভার্চুয়াল আদালতের কার্যক্রম চালু করায় আইনজীবীরা বিপাকে পড়েছেন।
