লাকসামে মেছোবাঘের তিন শাবক উদ্ধার

আপডেট : ১২ মে ২০২০, ২১:২৬

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার লাকসামে ধান খেত থেকে উদ্ধার করা মেছোবাঘের তিনটি শাবক নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধারেকাছে ঘন জঙ্গল না থাকলেও শাবক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পুলিশ ছানা তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার স্থানীয় জনতা এগুলো আটক করে।

জানা গেছে, উপজেলার চনগাঁও নোয়াপাড়ার আবেদনগর মাদ্রাসাসংলগ্ন হাজি ছেরাজুল ইসলামের ছেলে মাসুম খান নিজেদের ফসলি জমিতে ধান কাটতে গিয়ে চিতাবাঘের শাবকসদৃশ ছানা তিনটি দেখতে পান। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তিনি জীবিত অবস্থায় ছানাগুলো আটক করেন। এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ মো. নিজামউদ্দিন জানান, চিতার ছানা আটকের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে মঙ্গলবার বনবিভাগের কর্মকর্তা মো. শিপন এগুলোকে মেছোবিড়াল ছানা বলে শনাক্ত করেন। ছানাগুলোকে বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।