যশোর অফিস
যশোরে সোমবার রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতের নাম বাবু (৪০)। এ সময় কনস্টেবল আবু বকর ও খায়রুল আহত হন। ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা, ৫৪ বোতল ফেনসিডিল, একটি ওয়ান শুটারগান এবং কিছু গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, সাড়াপোল কালাবাগে একদল সন্ত্রাসীর অবস্থানের খবর পেয়ে মধ্যরাতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পুলিশও গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঐ এলাকা তল্লাশি করে গুলিবিদ্ধ বাবুকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
