রাজশাহী অঞ্চলে একদিনে করোনা শনাক্ত ২৬, সুস্থ ১১

আপডেট : ১২ মে ২০২০, ২১:৪০

রাজশাহী বিভাগের তিন জেলায় মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০ জন বেশি। জানিয়েছেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য। 

তিনি জানান, নতুন আক্রান্তের মধ্যে ২৩ জন জয়পুরহাটের, বগুড়ার দুইজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ জনে। এদিকে একই সময়ে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১১ জন। তৃতীয় দফায় পরীক্ষার পর করোনাভাইরাস নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেয়া হয়। এ নিয়ে রাজশাহী বিভাগে সুস্থ হয়েছেন ২৭ জন। এ সংখ্যা রাজশাহীতে তিন, নওগাঁয় ১০, জয়পুরহাটে পাঁচ, বগুড়ার আট ও পাবনার একজন। হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। আর রাজশাহী ও নাটোরে একজন করে মারা গেছেন। 

ডা. আচার্য আরও বলেন, নওগাঁয় আক্রান্ত ৭০ জন। তবে একদিনে ২৩ জন শনাক্ত বেড়ে নওগাঁকে ছাড়িয়েছে জয়পুরহাট। এ জেলায় বর্তমানে আক্রান্তের সংখ্যা ৭১ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে বগুড়া। বগুড়ায় শনাক্ত ৪১ জন। এছাড়া রাজশাহীতে ১৭, চাঁপাইনবাবগঞ্জ ১৬, নাটোরে ১২, পাবনায় ১৬ ও সিরাজগঞ্জে ৬ জন শনাক্ত হয়েছে। রাজশাহী ও বগুড়ার দুইটি ল্যাবে প্রতিদিন ২৮২ নমুনা পরীক্ষা হচ্ছে। এর অতিরিক্ত নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে। রাজশাহীতে আরেকটি এবং পাবনায় একটি ল্যাব স্থাপনের কাজ চলছে।

ইত্তেফাক/এসি