টঙ্গীতে সড়কের অবৈধ দোকানপাট উচ্ছেদ

আপডেট : ১২ মে ২০২০, ২১:৫২

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

টঙ্গীর ঐতিহ্যবাহী পুরানো বাজারে ২০ বছর ধরে গড়ে উঠা সড়ক দখল করে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় বাজারে রাস্তার ওপর গড়ে উঠা প্রায় ১ হাজার অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। গতকাল সকাল ১১ থেকে ৩টা পর্যন্ত  পাঁচ দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান শুরু করেন টঙ্গী পূর্ব থানা পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শাহাদাত হোসেনের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন টঙ্গী পুলিশের জোনাল এসি থোয়াই ওয়াং প্রু মারমা, টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম। স্থানীরা জানান, গত ২০ বছর ধরে স্থানীয় প্রভাবশালী বাচ্চু ও দলীয় নেতাকর্মীরা বাজারে চলাচলের রাস্তা দখল করে অবৈধ দোকানপাট বসিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। পুলিশের এ উচ্ছেদ অভিযানে সাধারণ মানুষের চলাচলের রাস্তা ২০ বছর পর দখল মুক্ত হলো।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, আমি এই থানায় যোগদানের পর থেকেই অবৈধ দোকানপাট উচ্ছেদ করে আসছি। গত সোমবার আমি পুলিশ পাঠিয়ে টঙ্গী বাজার হাজী মার্কেটের সামনে গড়ে উঠা অবৈধ ফলের মার্কেট উচ্ছেদের নির্দেশ দিলে। স্থানীয় কয়েক জন চাঁদা আদায়কারী পুলিশকে উচ্ছেদে বাধাপ্রদান করে। এ ঘটনার পর আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বাজারের অবৈধ দোকানপাট উচ্ছেদ শুরু করি। এই অবৈধ স্থাপনা গত ২০ বছরেও কেউ উচ্ছেদ করতে পারেনি স্থানীয় প্রভাবের কারণে। অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।