চুয়াডাঙ্গা সদর হাসপাতালের স্টাফসহ নতুন করে পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব থেকে এ রিপোর্ট সিভিল সার্জন অফিসে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন এএসএম মারুফ হাসান। আক্রান্তরা বর্তমানে নিজ বাড়িতে রয়েছে। জেলা হিসাবরক্ষণ অফিসটি লকডাউন করা হয়েছে।
নতুন আক্রান্তরা হলেন- চুয়াডাঙ্গা হিসাবরক্ষণ অফিসের তিনজন, সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের একজন। পাঁচজন বর্তমানে নিজ বাড়িতে আইসোলেসনে রয়েছেন।
সিভিল সার্জন এএসএম মারুফ হাসান বলেন, আজকে ৬১টি রিপোর্ট যশোর থেকে এসেছে। এর মধ্য পাঁচটি রিপোর্ট পজিটিভ রয়েছে। আক্রান্তদের নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
আরো পড়ুন : সীমিত আকারে খুলছে পশ্চিমাঞ্চল রেল, মানতে হবে ১৯ নির্দেশনা
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, হিসাবরক্ষণ অফিস লকডাউন করা হয়েছে। অফিসের সবার পরীক্ষা করার জন্য বলা হয়েছে। চুয়াডাঙ্গার চার উপজেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩১ জন।
ইত্তেফাক/ইউবি
