জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন বাতিলের দাবির প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ বলেছেন, নির্বাচনে জনগণের রায় প্রত্যাখ্যান করার অধিকার কারও নেই। গতকাল রবিবার রাতে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের গতকালের সর্বশেষ সাংবাদিক সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন নির্বাচনে অংশ নেওয়ার মতো সাহস রাখেননি।
জাহাঙ্গীর কবির নানক বলেন, সব দলের অংশগ্রহণের এই নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে রাজনীতিতে ‘গুণগত পরিবর্তন আনা হবে’ বলে ধারণা করেছিলেন তারা। কিন্তু ঐক্যফ্রন্ট নেতারা সেটা দেখাতে পারেননি। তিনি বলেন, দেশের জনগণ জঙ্গিবাদের বিরম্নদ্ধে রায় দিয়েছে। তারা উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে। নানক বলেন, ‘নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দলীয় সূত্র থেকে পাওয়া ফলাফলে আমরা বিশ্বাস করি, দেশবাসী আমাদের এক অভূতপূর্ব বিজয় উপহার দিয়েছে।’
